বিশ্বজুড়ে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই সৌদি নাগরিকদের মধ্যে বেকারত্বের হার নজিরবিহীন কমার তথ্য মিলেছে। গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এ হার কমে ৮ শতাংশে নেমেছে, এর আগের প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যা ছিল ৯ দশমিক ৯ শতাংশ। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস পরিচালিত শ্রমশক্তিবিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের তথ্যমতে, চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ চমকপ্রদভাবে বেড়েছে। মূলত এ বিষয়টিই বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্নে নামিয়ে আনতে সহায়তা করেছে। গত বছরের শেষ প্রান্তিকে নারীদের মধ্যে বেকারত্বের হার কমে ১৫ দশমিক ৪ শতাংশে নেমেছে। আগের প্রান্তিকের তুলনায় যা ৫ দশমিক ১ শতাংশ এবং ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ কম।
বেকারত্বের অভিশাপ থেকে নাগরিকদের পুরোপুরি মুক্তি দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সৌদি সরকার। ২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির।
জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস এক বিবৃতিতে জানায়, গত বছরের শেষ প্রান্তিকে বিদেশীসহ সৌদি আরবে মোট বেকারত্বের হার কমে ৪ দশমিক ৮ শতাংশে নামে, এর আগের প্রান্তিকে যা ছিল ৫ দশমিক ৮ শতাংশ। সৌদি নাগরিকদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৫২ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত ছিল। কর্মসংস্থান ও জনসংখ্যার অনুপাত ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩ শতাংশে।
সৌদিদের জন্য শ্রমবাজারের প্রধান নির্দেশকে ২০২১ সালের তুলনায় উন্নতি ঘটেছে। এর মধ্যে অংশগ্রহণ (১ শতাংশ বেশি) এবং কর্মসংস্থান ও জনসংখ্যার অনুপাত (২ দশমিক ৫ শতাংশ বেশি) উভয়ই বেড়েছে।
এদিকে পুরুষদের মধ্যে বেকারত্বের হার কমে ৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে, যা ওই বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় দশমিক ১ শতাংশ এবং ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ১ শতাংশ কম।
৩৫ বছরের কম বয়স্কদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করার উচ্চাভিলাষী অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে সৌদি সরকার, যা ভিশন ২০৩০ নামে পরিচিত। মূলত অর্থনীতিতে জ্বালানি তেলনির্ভরতা কমাতেই এমন লক্ষ হাতে নেয়া হয়েছে।










