সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভা থেকে এ সুপারিশ করা হয়। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।
পিএসআইয়ের তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত এ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা বাস্তবায়নের জন্য আগামী ৬ আগস্ট বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২০ জুন।
এদিকে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫১ পয়সায়। আগের বছর শেষে যা ছিল ১৪ টাকা ৪৫ পয়সা।
২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে ২০১৯ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ইসলামী ইন্স্যুরেন্স। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।










