ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সিজেন ইনকরপোরেশন কিনতে চায় কভিড টিকা তৈরি করে আলোচনায় আসা ফাইজার। এজন্য কোম্পানি দুটির মধ্যে প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে। খবর রয়টার্স।
ফাইজারের একটি সূত্র জানিয়েছে, চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে বেশকিছু সমস্যা আছে, যেগুলো সমাধানের পরেই চুক্তি নিশ্চিত হবে। সব বাধা পেরিয়ে যদি চুক্তিটি সম্পন্ন হয় তবে এটি ওষুধ খাতের জন্য বড় ঘটনা হবে।
এ মুহূর্তে সিজেনের বাজারমূল্য ৩ হাজার কোটি ডলার। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার। সিজেনের দায়িত্বশীল কারো বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে গত বছর শোনা গিয়েছিল, সিজেন অধিগ্রহণ করতে যাচ্ছে মার্ক অ্যান্ড কোম্পানি। এজন্য ৪ হাজার কোটি ডলারের চুক্তিও প্রায় প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে ঐকমত্যে পৌঁছতে পারেনি কোম্পানি দুটি। ফলে চুক্তিটি অসম্পন্ন রয়ে যায়। সেই সময়ও সিজেন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল ফাইজার।
উল্লেখ্য, সিজেন ইনকরপোরেশন একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি। এটি মূলত ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন ওষুধ এবং মনোক্লোনাল অ্যান্টিবডিভিত্তিক থেরাপির উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণ নিয়ে কাজ করে।










