দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে রহিমা ফুড করপোরেশনের ২৫ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৫ কোটি ১১ লাখ ২৮ হাজার ৪০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩২ দশমিক শূন্য ১ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৬ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৪১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৮ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকা।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আরামিট সিমেন্ট। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩ কোটি ৫৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৭১ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।
গত সপ্তাহে ২৬ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২০ কোটি ১৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৪ কোটি ২ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, বিডিকম অনলাইন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।










