চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় ও মুনাফা দুটোই কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় তালিকাভুক্ত কোম্পানিটির আয় কমেছে দেড় শতাংশের মতো। আর কর-পরবর্তী নিট মুনাফা কমেছে সাড়ে ৪ শতাংশ। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আয় হয়েছে ৪১ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৬৭ লাখ টাকার বেশি বা ১ দশমিক ৬১ শতাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪ কোটি ৬৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৫ কোটি ৩৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে ৭০ লাখ টাকার বেশি বা ৪ দশমিক ৫৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১০ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আয় হয়েছে ১৩ কোটি ৮২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৪ কোটি ৭১ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৫ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৫৪ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ২৯ পয়সায়।

২০২০ হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এর মধ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ পান সাধারণ শেয়ারহোল্ডাররা। আর ৮ শতাংশ স্টক লভ্যাংশ পান সব শেয়ারহোল্ডার। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ২৫ পয়সায়।

২০২০ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ১১০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৭ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ১০ কোটি ৯৭ লাখ ৮২ হাজার। যার মধ্যে ৩০ দশমিক ৬৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩ দশমিক ১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ১৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৬ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির সর্বশেষ ও সমাপনী শেয়ার দর ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর সর্বোচ্চ ৬৬ টাকা থেকে সর্বনিম্ন ৩৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে কোম্পানিটির মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ১৭ দশমিক ৩১, অনিরীক্ষিত প্রান্তিক আর্থিক বিবরণীর ভিত্তিতে যা ২০ দশমিক ১৬।