কভিডজনিত বিপর্যস্ত অবস্থা শেষে ঘুরে দাঁড়াচ্ছে স্পেনের পর্যটন খাত। ২০২২ সালের প্রথম ১১ মাসে ৬ কোটি ৭৪ লাখ বিদেশী পর্যটক পেয়েছে ইউরোপীয় দেশটি। এ সময়ে বিদেশী পর্যটকদের ব্যয় ৮ হাজার ১০০ কোটি ইউরো ছাড়িয়েছে। ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইনস্টিটিউটের (আইএনই) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্পেনীয় সংবাদমাধ্যম দ্য কর্নার।
আইএনই জানিয়েছে, গত বছরের জানুয়ারি-নভেম্বর সময়ে আসা বিদেশী পর্যটক আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২১ সালের প্রথম ১১ মাসে মাত্র ২ কোটি ৮২ লাখ বিদেশী পর্যটকের দেখা পেয়েছিল স্পেন। তবে ২০২২ সালে বিদেশী পর্যটকের সংখ্যা প্রাক-মহামারী ২০১৯ সালের কাছাকাছি। ওই বছরের এ সময়ে দেশটি প্রায় ৭ কোটি ৯৪ লাখ বিদেশী পর্যটক পেয়েছিল।
স্পেনের শিল্প, বাণিজ্য ও পর্যটনমন্ত্রী রেয়েস মারাতো বলেন, ২০২২ মহামারী পরবর্তী পর্যটন খাতের পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বছর। আমাদের পূর্বাভাস অনুসারে, ২০২২ সালে স্পেনে বিদেশী পর্যটকের সংখ্যা ৭ কোটি ১৫ লাখ ছাড়িয়ে যাবে এবং তাদের ব্যয় ৮ হাজার ৭১০ কোটি ইউরোতে পৌঁছবে।










