আন্তর্জাতিক বাজারে গতকাল কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। মার্কিন ট্রেজারি ইল্ডের নিম্নমুখিতা এক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে। খবর রয়টার্স।

তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৭০ ডলার ৩৩ সেন্টে। এছাড়া নিউইর্য়ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭৮৭ ডলার ১০ সেন্টে।

জানা গিয়েছে, ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড কমেছে। এর আগে এটি এক সপ্তাহের সর্বোচ্চে উঠেছিল। ইল্ড কমায় স্বর্ণের চাহিদায় কিছুটা ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গিয়েছে।

ডিলার প্রতিষ্ঠান গোল্ডসিলভার সেন্ট্রালের এমডি ব্রায়ান ল্যান বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে বেশির ভাগ বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে আছেন। তবে সুদহার আরো বাড়ানো হলে বিনিয়োগকারীদের মাঝে স্বর্ণের পরিবর্তে ডলার ধরে রাখার প্রবণতা বাড়বে। ফলে কিছুদিনের মধ্যেই আবারো মূল্যবান ধাতুটির দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও কমেছে রুপার। স্পট মার্কেটে গতকাল প্রতি আউন্স রুপা ২০ ডলার ১ সেন্টে লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ১ শতাংশ কম।