জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের অন্যতম সহায়ক হলো শেল অয়েল (পাথরের ভাঁজে থাকা জ্বালানি তেল)। কয়েক বছর ধরে দেশটিতে শেল অয়েলের উত্তোলন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে আগামী বছরের প্রথম মাসে দেশটি জ্বালানি তেলটির উত্তোলনে রেকর্ড করতে পারে বলে মনে করছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। খবর রয়টার্স।
ইআইএর মাসভিত্তিক প্রাক্কলন প্রতিবেদন অনুযায়ী, আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রধান সাতটি শেল অয়েল উত্তোলন কেন্দ্রের দৈনিক উত্তোলন ডিসেম্বরের তুলনায় ২৯ হাজার ব্যারেল বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশটির দৈনিক উত্তোলন দাঁড়াবে ৯১ লাখ ৪০ হাজার ব্যারেলে।
প্রতিবেদন অনুযায়ী, শেল অয়েলের সবচেয়ে বড় কেন্দ্র টেক্সাস ও নিউ মেক্সিকোতে অবস্থিত পারমেইন বেসিন থেকে সবচেয়ে বেশি উত্তোলন বৃদ্ধি পাবে। এ কেন্দ্র থেকে জানুয়ারিতে দৈনিক উত্তোলন ৪৮ হাজার ব্যারেল বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এ সময়ে কেন্দ্রটির দৈনিক উত্তোলন হবে ৪৭ লাখ ৪০ হাজার ব্যারেল। তবে জুলাইয়ের পর পারমেইন বেসিন থেকে এটিই সবচেয়ে কম উত্তোলন প্রবৃদ্ধি।
এছাড়া নর্থ ডাকোটা ও মন্তানা বাকেন এলাকার শেল অয়েল কেন্দ্র থেকে জানুয়ারিতে দৈনিক উত্তোলন ৩ হাজার ব্যারেল বৃদ্ধি পাবে। এর মধ্যে দিয়ে কেন্দ্রটির দৈনিক উত্তোলন দাঁড়াবে ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল। কেন্দ্রটি চালু হওয়ার পর এটাই সবচেয়ে কম উত্তোলন প্রবৃদ্ধি। এর আগে সেপ্টেম্বরে কেন্দ্রটির উত্তোলন কমেছিল। তবে আনাদারকো ও ইগল ফোর্ড এলাকার কেন্দ্র থেকে এ মাসে উত্তোলন কমতে পারে বলে মনে করছে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানটি।
খাত-সংশ্লিষ্টরা মনে করেন, পারমেইন ও বাকেনে অবস্থিত এ দুটি শেল অয়েল কেন্দ্রের কারণেই সৌদি আরব ও রাশিয়ার পর জ্বালানি তেল উত্তোলনে তৃতীয় শীর্ষক দেশ হিসেবে জায়গা করে নিতে পেরেছে যুক্তরাষ্ট্র।
জানুয়ারিতে শেল অয়েলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের উত্তোলনও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ইআইএ। প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বড় শেল বেসিন থেকে এ সময়ে প্রাকৃতিক গ্যাসের দৈনিক উত্তোলন বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৫৬০ কোটি ঘনফুট হতে পারে। তবে এটি চলতি মাসে করা উত্তোলন প্রাক্কলনের তুলনায় ১০ কোটি ঘনফুট কম।
এছাড়া অ্যাপালাসিয়া এলাকার শেল অয়েল কেন্দ্র থেকে এ সময়ে প্রাকৃতিক গ্যাসের দৈনিক উত্তোলন ১০ কোটি ঘনফুট কমে ৩ হাজার ৩৪০ কোটি ঘনফুট হতে পারে। যেখানে ডিসেম্বরে উত্তোলন ধরা হয়েছে ৩ হাজার ৩৫০ কোটি ঘনফুট। তবে পারমেইন বেসিন থেকে এ মাসে গ্যাসের দৈনিক উত্তোলন ২০ কোটি ঘনফুট কমে দাঁড়াতে পারে ১ হাজার ৭১০ কোটি ঘনফুটে।









