মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়ে সাত সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য আগের কার্যদিবসের তুলনায় ৩ শতাংশেরও বেশি বাড়ে। খবর বিজনেস রেকর্ডার।
সংশ্লিষ্টরা জানান, ভারি বৃষ্টিপাতের কারণে দেশটিতে পাম অয়েল উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এতে পাম ফল ক্রয়ের পরিমাণ বেড়েছে। অন্যদিকে সম্প্রতি ভারত পাম অয়েলের আমদানি শুল্ক আরো বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছে। এ বিষয় দুটি বাজারদরে উল্লম্ফনে প্রধান ভূমিকা রেখেছে।
তথ্য বলছে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বাজার আদর্শটির জানুয়ারিতে সরবরাহ চুক্তির দাম ১২৯ রিঙ্গিত বা ৩ দশমিক ২২ শতাংশ বাড়ে। প্রতি টনের মূল্য স্থির হয় ৪ হাজার ১৪০ রিঙ্গিতে (৮৭৭ ডলার ৩০ সেন্ট)। এটি টানা চার কার্যদিবসে বাজার আদর্শটির দাম বাড়ল।
কুয়ালালামপুরভিত্তিক পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান অ্যাপ্রিকাস ৮-এর পরিচালক মার্সেলো কালট্রেরা বলেন, চলতি সপ্তাহে ভারতের আমদানি শুল্ক বৃদ্ধির খবরে বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ভারত এখনো শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়নি। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, পূর্ব মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্য কালিমান্তানে ভারি বৃষ্টিপাতের কারণে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশ দুটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে বলেও জানা গিয়েছে।
এদিকে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ গত মাসে ১০ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ২০ হাজার টনে। সম্প্রতি মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শিল্প নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি বলছে, গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন এর আগের মাসের তুলনায় ২ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৭০ হাজার টনে। পাম অয়েল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ মালয়েশিয়া। দেশটিতে গত মাসসহ টানা চতুর্থ মাসের মতো উৎপাদন বেড়েছে।
অন্যদিকে রফতানি এক মাসের ব্যবধানে ৯ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ২০ হাজার টনে। এ সময় দেশটির শীর্ষ ক্রেতা ছিল ভারত। দেশটি দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ পাম অয়েল আমদানি করছে।
গত মাসে ভারতে পাম অয়েল আমদানি বেড়ে এক বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে। সয়াবিন ও সূর্যমুখীসহ প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলগুলোর বিপরীতে পাম অয়েলে ব্যাপক মূল্যছাড় আমদানি বাড়াতে সহায়তা করছে।










