যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গতকাল জ্বালানিটির বাজারদর আরো এক দফা বেড়েছে। তবে মেক্সিকো উপসাগরে হারিকেনের আশঙ্কায় বিনিয়োগকারীরা বর্তমানে কিছুটা সতর্ক অবস্থানে আছেন। খবর সিএনবিসি।
আইসিই ফিউচারস এক্সচেঞ্জে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২৯ সেন্ট বা দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলে মূল্য স্থির হয়েছে ৮৫ ডলার ৭৮ সেন্টে। নভেম্বর সরবরাহ চুক্তিতে বাজার আদর্শটির দাম ৮৫ ডলার ২২ সেন্টে উঠেছে।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩৭ সেন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৫৩ সেন্টে। বাজার আদর্শটির দাম এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো বাড়ল।
উভয় বাজার আদর্শের দাম গতকাল গড়ে ১ ডলারেরও বেশি বেড়েছে। ডলারের দরপতনের কারণেই এমন ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের হিসাব মতে, ২৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ১ কোটি ১৫ লাখ ব্যারেল করে কমেছে। দেশটিতে মজুদ কমে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। এটি চাহিদা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।










