মানসম্মত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে বিএসটিআই এবং ব্যবসায়ীদেরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মাজিম মাহমুদ হুমায়ূন বলেছেন, নিম্নমানের পণ্য উৎপাদন করে অতিমুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তেজগাঁও বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত শেয়ারড ভিশন ফর এ বেটার ওয়াল্ড-স্ট্যান্ডার্ড ফর এসডিজি শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পণ্য ও সেবার গুণগত মান, সুরক্ষা ও উন্নয়ন বিএসটিআইয়ের দায়িত্ব। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জননিরাপত্তার বিষয়টি নির্ভর করে। এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা দেখা দিলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমদানিকারকদেরকে মানসম্মত পণ্য আমদানি করতে হবে এবং উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। নিম্নমানের পণ্য আমদানি করে দেশকে ডাম্পিং স্টেশনে পরিণত করা যাবে না।

মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের পণ্যের মানের দিক দিয়ে এগোতে হবে। পণ্য মানের যত উন্নয়ন হবে আমাদের ব্যবসার পরিধি তত বাড়বে। উৎপাদনকারীকে মনে রাখতে হবে দিন শেষে তিনিও একজন ভোক্তা।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুস সাত্তার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার শামীম সাত্তার, বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) ও (মান) অ.দা. মো. তাদহর জামিল, বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক মো. মুয়াজ্জেমসহ আরো অনেকে।