অনেকটা নিঃশব্দেই বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেনআইকিউ। নির্ভরযোগ্য একটি সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক টাউন হল বৈঠকে কর্মীদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলংকায় কার্যক্রম চালু ছিল নিয়েলসেনআইকিউর। এর মধ্যে কভিড-পরবর্তী সময়ে শ্রীলংকার বাজার থেকেও নিঃশব্দে প্রস্থান করেছিল প্রতিষ্ঠানটি। অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ থেকেও একই কায়দায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিয়েলসেন কার্যক্রম চালাচ্ছে দীর্ঘদিন ধরে। গত কয়েক বছরে দেশের বেসরকারি খাত ক্রমেই শক্তিশালী হয়ে উঠলেও এ খাতের প্রতিষ্ঠানগুলোর গবেষণাভিত্তিক বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক কার্যক্রমে আগ্রহ অনেক কম। এছাড়া প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক তথ্য গোপনের প্রবণতাও বাংলাদেশে বাজার গবেষণা কার্যক্রমের অন্তরায় হয়ে উঠছিল। এ অবস্থায় বাংলাদেশের বাজার থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়েলসেনআইকিউ।
প্রতিষ্ঠানটির সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘বিশ্বব্যাপী নিয়েলসেনের প্রধান সেবাপণ্য হলো রিটেইল মেজরমেন্ট সার্ভিস বা রিটেইল অডিট, যা ২০১৮-১৯ সাল নাগাদ বন্ধ হয়ে যায়। অনেকদিন কাজ করার পরও বাংলাদেশে সেবাটির পরিসর খুব বেশি বড় করা সম্ভব হচ্ছিল না। এটি মূলত বাজার গবেষণা থেকে পাওয়া তথ্যনির্ভর সেবা, যেটি ব্যবহারের সক্ষমতা বাংলাদেশের বহুজাতিক ছাড়া ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর তেমন একটা গড়ে ওঠেনি। অন্যভাবে বলা যায় ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর কাছে নিয়েলসেনের সেবা জনপ্রিয়তা হারিয়েছে মূলত এসব কোম্পানির প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে।’
তিনি আরো বলেন, ‘নিয়েলসেনের বৈশ্বিক কার্যক্রমে দক্ষিণ এশিয়ার অংশ বা অবদান খুবই কম। নেপাল, শ্রীলংকা বা বাংলাদেশে নিয়েলসেনের কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ভারতেও নিয়েলসেনের কার্যক্রম আগের চেয়ে এখন অনেকটাই সংকুচিত। সামগ্রিকভাবে বাণিজ্যিক কার্যক্রম ও আয়ের প্রেক্ষাপটে এ অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তেমন একটা নেই।’
উন্নত বিশ্বের দেশগুলোয় বাজার ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের বাজারসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও গবেষণার ওপর ভিত্তি করে গ্রাহক প্রতিষ্ঠানগুলো তাদের বিপণন, বাজারের চাহিদা নিরূপণ, পণ্য ও সেবার পরিবর্ধন-পরিমার্জন এবং মান উন্নয়নের কাজগুলো করে থাকে। বাজার ব্যবস্থাকে প্রতিযোগিতামূলক, গতিশীল ও অগ্রসর করতে এসব গবেষণা প্রতিষ্ঠান অত্যন্ত বড় ভূমিকা রেখে থাকে। বাংলাদেশে মূলত বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোই নিয়েলসেনআইকিউর সেবা নিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সামাজিক ও উন্নয়নসংক্রান্ত নানা গবেষণা কার্যক্রমেও অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে বাজার গবেষণাসংক্রান্ত সার্বিক কার্যক্রমেই পাইওনিয়ার হিসেবে বিবেচিত এমন একটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের প্রস্থানের প্রভাব পড়তে যাচ্ছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
অপ্রকাশিত রাখার শর্তে একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘আমাদের বাংলাদেশ ও গ্লোবাল অফিস নিয়েলসেনের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। নিয়েলসেনের অনুপস্থিতিতে আমাদের গবেষণামূলক কাজকর্ম বাধাগ্রস্ত হবে।’
একাধিক সূত্রে জানা গেছে, নিয়েলসেনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির স্থায়ী-অস্থায়ী কর্মীদের বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার বিষয়ে এরই মধ্যে জানিয়ে দেয়া হয়েছে।
দেশের এফএমসিজি খাতের স্থানীয় ও বহুজাতিক কোম্পানিগুলোর অধিকাংশই নিয়েলসেনের গ্রাহকের তালিকায় রয়েছে। এছাড়া সামাজিক ও উন্নয়ন খাতে সংস্থাটির গ্রাহকদের তালিকায় রয়েছে বিশ্বব্যাংক, ব্র্যাক, ইউএনডিপি, ইউএনএফপিএ, ওয়াটার এইড ও আইএলওর মতো সংস্থাগুলো।
সার্বিক বিষয়ে জানতে নিয়েলসেনআইকিউর গ্লোবাল অপারেশনসের চিফ হিউম্যান রিসোর্স অফিসার শন জিটিং ও নেলসন বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার খন্দকার সামিনা আফরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নিয়েলসেনআইকিউর বাংলাদেশ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।










