সম্প্রতি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনসংক্রান্ত পর্ষদ সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। পর্ষদ ব্যাংকটির অনুমোদিত মূলধন এ দফায় ৩ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। এ প্রস্তাবে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে ব্যাংকটি। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক। 

তথ্য অনুসারে, বর্তমানে ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে ২ হাজার কোটি টাকা। ব্যাংকটির পর্ষদ এ অনুমোদিত মূলধন ৫ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত সংঘবিধি ও সংঘস্মারকে সংশোধন আনতে সংশ্লিষ্ট সিদ্ধান্তে শেয়ারহোল্ডার ও সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার কথা জানিয়েছে ব্যাংকটি। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ।