চলতি বছরের প্রথমার্ধে ভিয়েতনামের কফি রফতানি ২১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৩০ হাজার টনে, যা ১ কোটি ৭২ লাখ ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) সমান। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিসটিকস অফিস।

রোবাস্তা কফি রফতানিতে বিশ্বের শীর্ষ দেশ ভিয়েতনাম। স্ট্যাটিসটিকস অফিসের হিসাব অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে দেশটি কফি রফতানি থেকে ২৩০ কোটি ডলার আয় করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি আয় ৫০ শতাংশ বেড়েছে। গত মাসেই ভিয়েতনাম ১ লাখ ৪৫ হাজার টন কফি রফতানি করেছে। রফতানি থেকে আয় এসেছে ৩৩ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে ভালো বাজার থাকায় আফ্রিকা মহাদেশে কফি রফতানি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বাজারেও উঁকি দিচ্ছে সম্ভাবনা।

মার্কিন কৃষি বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে ভিয়েতনামের কফির উৎপাদন বেড়ে ৩ কোটি ১৫ লাখ ৮০ হাজার ব্যাগে উন্নীত হতে পারে। তবে ২০২২-২৩ মৌসুমে উৎপাদন ২ দশমিক ২ শতাংশ কমে ৩ কোটি ৯ লাখ ব্যাগে নামার আশঙ্কা রয়েছে।