ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। আগামীকাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি নামে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৭ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে আইডিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৩৯ পয়সা। এদিকে এককভাবে ২০২২ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬১ কোটি ৯৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫৭ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৯ পয়সা।
সর্বশেষ রেটিং অনুসারে, এনবিএফআইটির ঋণমাণ দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৫৪ কোটি ৫ লাখ টাকা।
২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করে আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ। তবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জারীকৃত লভ্যাংশ নীতিসংক্রান্ত সার্কুলারের কারণে কোম্পানিটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এর পরিবর্তে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন। সে অনুসারে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আইডিএলসি। ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের দুই হিসাব বছরে ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।










