নভেল করোনাভাইরাসজনিত মহামারীর কারণে টানা দুই বছর বিপর্যয়ের মধ্যে কাটানোর পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন খাত। বিশেষ করে সংক্রমণ হ্রাসের ফলে বিধিনিষেধ উঠে যাওয়ায় আকাশপথে যাত্রী পরিবহন খাত কর্মচঞ্চল হয়ে উঠেছে। যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় আগামী বছর থেকেই খাতটি মুনাফায় ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গাইথ আল গাইথ বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও উড়োজাহাজের জ্বালানির মূল্যবৃদ্ধি সত্ত্বেও আগামী বছর দুই অংকের মুনাফার প্রত্যাশা করছেন তারা। যদিও এসব কারণে ভোক্তা ব্যয় কমছে, ভোক্তারা অপ্রয়োজনীয়ও বিলাসদ্রব্য ব্যবহার কমিয়ে দিচ্ছে। তবে আমি মনে করি, এসবের কিছুই আকাশপথে ভ্রমণের চাহিদাকে বাধাগ্রস্ত করবে না।
এ কর্মকর্তার প্রত্যাশা হলো, ২০২৩ সালের গ্রীষ্মকাল পর্যন্ত আকাশপথে পরিষেবার এ উচ্চহার বজায় থাকবে। পাশাপাশি বছরের বাকি সময়ও চাহিদা বজায় থাকবে। ২০২৪ সালেও আকাশপথে ভ্রমণের উচ্চচাহিদা বিরাজ করবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি।
এ কর্মকর্তা আরো বলেন, চীন এখনো তার সীমান্ত পুরোপুরি খুলে দেয়নি। তার পরও চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। এরই মধ্যে বহরে ১৭টি নতুন ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ যুক্ত করতে যাচ্ছে ফ্লাইদুবাই। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ফ্লাইদুবাইয়ের এ প্রবৃদ্ধির পেছনে কারণ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের মহামারী ব্যবস্থাপনা এবং নিউইয়র্ক ভিসা স্কিমের কথা বলা হচ্ছে। এ ভিসা স্কিমের কারণে দেশটি মার্কিন পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে বেড়েছে ভ্রমণকারীর সংখ্যা।
দুবাই পর্যটন, বাণিজ্য, ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডের স্বতন্ত্র কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে সরকারের দেয়া নানা ধরনের রেসিডেন্সি অফারের কারণে প্রচুর মানুষ দেশটিতে প্রবেশ করছে। অনেকেই ব্যবসার জন্য এ অঞ্চলকে বেছে নিচ্ছে।
এ অবস্থাকে এয়ারলাইনস ব্যবসার জন্য বহুমাত্রিক পরিস্থিতি বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। কারণ বিশ্বজুড়েই জ্বালানির দাম অনেক বেড়েছে। ফলে যাত্রী চাহিদা বাড়লেও খুব মুনাফা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় এয়ারলাইনসগুলো সাসটেইনেবল এভিয়েশন ফুয়েলের খোঁজ বাড়াচ্ছে।
মধ্যপ্রাচ্যের আকাশপথে ভ্রমণ খাতে নতুন মাত্রা যোগ করে দিয়ে গেছে ফুটবল বিশ্বকাপ। ২১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৩০ হাজার ফুটবলপ্রেমী দর্শক পরিবহন করেছে ফ্লাইদুবাই। এটিকে নিজেদের জন্য সম্মানের বলে মনে করছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে নিজেদের সক্ষমতাও যাচাই করতে পেরেছে তারা।










