মিসরে ভোক্তা মূল্যস্ফীতি চলতি বছরের সেপ্টেম্বরে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির এ হার গত আগস্টের তুলনায় বেশি। আগস্টে মিসরের মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৪ শতাংশ। এ তথ্য জানিয়েছে পরিসংখ্যান সংস্থা ক্যাপমাস। খবর রয়টার্স।
মিসরের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশটির বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মিসরকে ২০০০ সালকে মনে করিয়ে দিচ্ছে। সে সময় খাদ্য ও পানীয়ের মূল্য ছিল নজিরবিহীন উচ্চতায়। বর্তমান জরিপে দেশের ভোক্তা মূল্যস্ফীতি ৩৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছিল। এর আগে ২০১৭ সালে মিসরের মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৯৫ শতাংশ।
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বৃদ্ধির হার আগস্টের তুলনায় বেশি। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছে ২ শতাংশ, যা আগস্টের ১ দশমিক ৬ শতাংশের তুলনায় বেশি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন চলতি বছরে জুনের পর এটিই সবচেয়ে দ্রুততম বৃদ্ধি।
দেশটিতে দুই বছর ধরে বেড়ে চলছে দ্রব্যমূল্য। পাশাপাশি ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে। ফলে মিসরীয় জনগণের জীবনযাপনে নেতিবাচক পরিবর্তন এসেছে। সেপ্টেম্বরে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ, সবজিতে বেড়েছে ১৯ দশমিক ২, ফল ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৫ দশমিক ৪ ও চিনিজাত দ্রব্যে বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ।
দেশটিতে মূল্যস্ফীতি কমিয়ে আনতে সরকার বেসরকারি উৎপাদনকারী এবং খুচরা বিক্রেতাদের ছয় মাসের জন্য শুল্ক মওকুফের ঘোষণা দিয়েছে।










