ওমানের ব্লক ৬১ গ্যাসক্ষেত্রটির ২০ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে ব্রিটিশ জ্বালানি জায়ান্ট ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। ২৬০ কোটি ডলারে ওই শেয়ার কিনছে থাইল্যান্ডের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি পিটিটিইপি। খবর এএফপি।
করোনাভাইরাস মহামারীর ধাক্কায় জ্বালানি চাহিদা কমাতে প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোম্পানির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বিপি। এজন্য মূলধন সংগ্রহে ২০ শতাংশ শেয়ার বিক্রির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৪০ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ থাকছে বিপির হাতে এবং তারাই ব্লকটি পরিচালনা করবে।
বিপির শীর্ষ নির্বাহী বার্নার্ড লুনি জানান, আমরা ওমানে আমাদের ব্যবসা পরিচালনা নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
মহামারী শুরুর আগে দায়িত্ব গ্রহণ করা লুনির অধীনে বিনিয়োগে বৈচিত্র্য আনার চেষ্টা করছে বিপি। সম্পদ বিক্রির মাধ্যমে ২০২৫ সালের মধ্যে আড়াই হাজার কোটি ডলার মূলধন সংগ্রহের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে জ্বালানি জায়ান্টটি।
মধ্য ওমানে ৩ হাজার ৯৫০ বর্গকিলোমিটার দীর্ঘ ব্লক ৬১ গ্যাসক্ষেত্রটিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি টাইট গ্যাসের মজুদ রয়েছে। সাধারণত পাথরে আটকে থাকা গ্যাসকে টাইট গ্যাস হিসেবে উল্লেখ করা হয়।










