ফিউচার মার্কেটে টানা দুদিন নিম্নমুখী থাকার পর ফের বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। ডালিয়ান এক্সচেঞ্জে প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেল ও পাম অয়েলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করেই মূলত পণ্যটির বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। খবর বিজনেস রেকর্ডার। 

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বর সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৮৬ রিঙ্গিত বা ২ দশমিক ২২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৯১৫ রিঙ্গিত বা ৮৪৩ ডলার ৭৫ সেন্টে। 

২০২৩-২৪ মৌসুমে বিশ্বজুড়ে পাম অয়েল উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ফিচ সলিউশনের বিএমআই ইউনিট সম্প্রতি এ সম্ভাবনার কথা জানায়। তবে এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে উৎপাদন নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।

চলতি বছরের নভেম্বরে পাম অয়েলের ২০২৩-২৪ উৎপাদন মৌসুম শুরু হবে। এ মৌসুম শেষ হবে আগামী বছরের অক্টোবরে। এ সময় পাম অয়েলের বৈশ্বিক উৎপাদন চলতি বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৮ কোটি টনে। 

অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাস অনুযায়ী, আগামী মৌসুমে পাম অয়েলের বৈশ্বিক উৎপাদন ২ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৭ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টনে। চলতি বছর উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৭ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টনে।