পুঁজিবাজারে সূচক ও লেনদেনে গত সপ্তাহে বড় উত্থান হয়েছে। এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২৮ শতাংশের বেশি। আর বাজার মূলধন বেড়েছে প্রায় আড়াই শতাংশ। এ সময়ে এক্সচেঞ্জটিতে বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা ১০ কোম্পানির মূলধনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে এসব কোম্পানির বাজার মূলধন বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।

ডিএসইর মোট বাজার মূলধনের ৮ দশমিক ৯৬ শতাংশ নিয়ে গত সপ্তাহে শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় এ সময় কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৪৮৬ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪১ হাজার ১০৩ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৪০ হাজার ৬১৭ কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ২০ শতাংশ।

বাজার মূলধনের দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ। গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৪০ কোটি টাকায়, যা ডিএসইর মোট বাজার মূলধনের ৭ দশমিক ১৮ শতাংশ। আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩২ হাজার ৫৫৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন বেড়েছে ৩৮১ কোটি টাকা বা ১ দশমিক ১৭ শতাংশ।

৬ দশমিক ৫৪ শতাংশ বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল ২৯ হাজার ২০৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৭৯৯ কোটি টাকা বা ২ দশমিক ৭৪ শতাংশ।

বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে চতুর্থ অবস্থানে রয়েছে দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এক্সচেঞ্জটির মোট মূলধনের ৪ দশমিক ২২ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬০ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৮ হাজার ৭৬৬ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৫৯৩ কোটি টাকা বা ৩ দশমিক ১৬ শতাংশ।

বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজার মূলধন বেড়েছে ৫২ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়ায় ১৫ হাজার ৪৫১ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১৫ হাজার ৩৯৯ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে দশমিক ৩৪ শতাংশ।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) বাজার মূলধনের দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির মূলধন ২১৪ কোটি টাকা বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। এ সময়ে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩৩ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১৪ হাজার ৩১৮ কোটি টাকা।

বাজার মূলধনের দিক থেকে পরের অবস্থানে রয়েছে ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহে ৩২ কোটি টাকা বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪ হাজার ৩১০ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন বেড়েছে দশমিক ২২ শতাংশ।

পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১১ হাজার ৮১২ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন ছিল ১১ হাজার ৭৭৭ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে প্রায় ৩৫ কোটি টাকা বা দশমিক ৩০ শতাংশ।

বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে নবম অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৮ হাজার ৪২০ কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ২৩ কোটি টাকা বা দশমিক ২৮ শতাংশ।

বাজার মূলধনের দিকে থেকে শীর্ষ দশ কোম্পানির সর্বশেষে রয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। প্রতিষ্ঠানটির বাজার মূলধন বেড়েছে ৩০৬ কোটি টাকা বা ৩ দশমিক ৮৬ শতাংশ। গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৮ হাজার ২৫১ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ হাজার ৯৪৫ কোটি টাকা।

অন্যদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ২৭৪ কোটি টাকা বা ২ দশমিক ৪২ শতাংশ।