যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা উপকূলে গত সপ্তাহে আঘাত হেনেছিল প্রলয়ংকরী হারিকেন লরা। মেক্সিকো উপসাগরে সৃষ্ট এ হারিকেনের কারণে স্থানীয় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কূপগুলো উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে গুটিয়ে নিতে বাধ্য হয়। দেশটির ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়র এক বিবৃতিতে জানিয়েছে, হারিকেন লরার প্রভাবে মেক্সিকো উপসাগরীয় কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ৮২ শতাংশ কমে এসেছিল। খবর রয়টার্স।
বিবৃতিতে বলা হয়েছে, হারিকেন লরার কারণে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে অন্তত ১২২টি কূপ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এর জের ধরে স্থানীয় কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন প্রায় ১৫ লাখ ব্যারেল কমে আসে, মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের কূপগুলো থেকে উত্তোলন হওয়া জ্বালানি তেলের যা ৮২ শতাংশ। একই সঙ্গে হারিকেন লরা যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতার ১২ শতাংশ সাময়িকভাবে গুটিয়ে আনতে বাধ্য করেছিল।
হারিকেন লরার প্রভাবে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১৬০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন কমেছে, যা এ অঞ্চল থেকে উত্তোলন হওয়া প্রাকৃতিক গ্যাসের ৫৯ শতাংশ।










