এয়ারবাসের বহুল ব্যবহৃত এ৩২০ সিরিজের উড়োজাহাজে নতুন একটি প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত হয়েছে। সীমিতসংখ্যক বিমানে ব্যবহৃত কিছু ধাতব প্যানেলে মানগত সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দিন আগেই এ৩২০ উড়োজাহাজে বড় ধরনের সফটওয়্যার ত্রুটি নিয়ে বিপাকে পড়ে এয়ারবাস। ফলে পরপর দুটি ত্রুটি প্রকাশ পাওয়ায় মডেলটি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খবর সিএনএন।
এয়ারবাস জানায়, একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের ‘গুণগত ত্রুটি’ থেকেই ধাতব প্যানেলের সমস্যা সৃষ্টি হয়েছে। ত্রুটির আওতায় থাকা সম্ভাব্য উড়োজাহাজগুলো এখন পরীক্ষা করা হচ্ছে। তবে খুব অল্পসংখ্যক উড়োজাহাজ মেরামতের প্রয়োজন হতে পারে বলে ধারণা প্রতিষ্ঠানটির।
সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর এয়ারবাসের শেয়ারদর ৫ শতাংশের বেশি কমে যায়। এর আগে সৌর বিকিরণজনিত সফটওয়্যার ঝুঁকির কারণে কোম্পানিটি ব্যাপক নজরদারিতে ছিল। গত সপ্তাহে এয়ারবাস জানায়, তীব্র সৌর বিকিরণ ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ডাটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এতে পাইলট নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়।
ওই সতর্কবার্তা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইনস সংস্থা দ্রুত নিজেদের এ৩২০ সিরিজের উড়োজাহাজে জরুরি সফটওয়্যার আপডেট দেয়। প্রায় ছয় হাজার উড়োজাহাজে তাৎক্ষণিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়।
গত ৩০ অক্টোবর জেটব্লুর একটি এ৩২০ মডেল কানকুন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে হঠাৎ কম উচ্চতায় নেমে যাওয়ায় ফ্লোরিডার ট্যাম্পায় জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং প্রায় ১৫ যাত্রীকে হাসপাতালে নিতে হয়। জেটব্লু জানিয়েছে, তাদের সব এ৩২০ উড়োজাহাজে আপডেট সম্পন্ন হয়েছে। বাকি অল্পসংখ্যক উড়োজাহাজে কাজ চলমান রয়েছে।
ধাতব প্যানেলের নতুন এ সমস্যা সীমিত হলেও এ৩২০ সিরিজের নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। কোম্পানিটি বলছে, তারা এয়ারলাইনসগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যেন সব মেরামত দ্রুত শেষ করা যায়।










