ফিউচার মার্কেটে গতকাল কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম। চাহিদা কমায় পণ্যটির বাজার নিম্নমুখী প্রবণতায় পড়েছে। এর আগে টানা দুদিন ঊর্ধ্বমুখী ছিল উদ্ভিজ্জ তেলটির বাজার। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল মার্চে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৩৪ রিঙ্গিত বা দশমিক ৯০ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৭৪৪ রিঙ্গিতে (৮০৫ ডলার ৫১ সেন্ট)।

আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী অন্যান্য ভোজ্যতেলের দামও তুলনামূলক নিম্নমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ৬৩ শতাংশ। এর প্রভাবে পাম অয়েলের চাহিদা কমে বাজার নিম্নমুখী প্রবণতায় পড়ে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বৃদ্ধিও পাম অয়েলের দাম নিম্নমুখী হতে প্রভাবক হিসেবে কাজ করেছে। বাজার প্রবণতা অনুযায়ী, জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকলে বায়োডিজেলের চাহিদা কিছুটা কমে যায়। এতে বায়োডিজেল তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত পাম অয়েলের চাহিদাও নিম্নমুখী হয়।

অন্যদিকে প্রতি বছরই শীতে পাম অয়েলের চাহিদা কিছুটা কমে যায়। মূলত শীতে জমে যাওয়ায় ভোক্তারা পাম অয়েল ব্যবহার করতে অসুবিধার মুখে পড়েন। ফলে উদ্ভিজ্জ তেলটির চাহিদা কমায় দামের ওপর নিম্নমুখী প্রভাব পড়ে।