আর্জেন্টিনায় চলতি বছর ভুট্টা ও গম উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এল নিনোর কারণে আগামী অক্টোবর পর্যন্ত দেশটিতে পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির বেশির ভাগ অঞ্চলে শস্য আবাদ করতে পারছেন না কৃষক। খবর রয়টার্স। 

শীর্ষ খাদ্যশস্য উৎপাদক দেশটির অনেক অঞ্চলেই সেচের পানির সংকট দেখা দিয়েছে। এসব অঞ্চলে মাটিতে আর্দ্রতার পরিমাণ তলানিতে নেমেছে। ২০২২-২৩ মৌসুমের শুরুতেই দেশটিতে চ্যালেঞ্জ্যের মুখে রয়েছে শস্য উৎপাদন। 

কৃষকরা আগামী সেপ্টেম্বরে ২০২৩-২৪ মৌসুমের জন্য ভুট্টা আবাদ শুরু করবেন। বাজার পরামর্শক প্রতিষ্ঠান সিসিএর আবহাওয়াবিদরা জানান, ভুট্টা আবাদের জন্য এখনো আগস্ট ও সেপ্টেম্বর এ দুই মাস হাতে রয়েছে। কিন্তু বর্তমানে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে নেই। অক্টোবরের আগ পর্যন্ত বৃ্ষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। 

রোজারিও স্টক এক্সচেঞ্জ এক বিবৃতিতে জানায়, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে এল নিনোর প্রভাব কিছুটা কমে এসেছে। মৌসুমের শুরুর দিকে প্রভাব অনেক বেশি ছিল। তবে এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। আগামী অক্টোবর থেকে বৃষ্টিপাত হতে পারে।

প্রতিষ্ঠানটি প্রাক্কলন অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে আর্জেন্টিনায় ৫ কোটি ৬০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। অনেক কৃষক ঠিক সময়ে আবাদ শুরু করতে পারবেন না। আবার অনেকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে আবাদ না করার সিদ্ধান্তও নিতে পারেন। পানি সংকটের কারণে প্রায় তিন লাখ হেক্টর জমিতে আবাদের সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রাক্কলন অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে দেশটির ৮৫ লাখ হেক্টর জমিতে ভুট্টা উৎপাদন হতে পারে।

বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ জানায়, কম বৃষ্টিপাতের কারণে ২০২৩-২৪ মৌসুমে গমের আবাদ ও উৎপাদন দুটোই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ মৌসুমে ১ কোটি ৫৬ লাখ টন গম উৎপাদন হতে পারে। আবাদি জমির পরিমাণ দাঁড়াতে পারে ৫৪ লাখ হেক্টরে।