দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে জ্বালানি
তেল সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ
নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পোল্যান্ডের শীর্ষস্থানীয় জ্বালানি তেল ও
গ্যাস সংস্থা পিকেএন অরলেনের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আনাদোলু।
সংস্থার সিইও ড্যানিয়েল অবাজতে এক টুইটারে
জানান, এই পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন ও সরবরাহ ব্যবস্থা কার্যকরভাবে সুরক্ষিত
রয়েছে।
পোলিশ বার্তা সংস্থা পিএপি জানায়, পরিশোধনাগারে
ট্যাংকারের মাধ্যমে সরবরাহ অব্যাহত থাকবে, পোলিশ গ্রাহকদের ওপর এর কোনো প্রভাব পড়বে
না।
রুশ সংস্থা থেকে মাত্র ১০ শতাংশ জ্বালানি
তেল পেয়ে থাকে অরলেন।
অরলেনের সরবরাহ ব্যবস্থা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার
আওতার বাইরে রয়েছে। বর্তমানে উত্তর সাগর, পশ্চিম আফ্রিকা, ভূমধ্যসাগর, আরব উপসাগর ও
মেক্সিকো উপসাগর হলো কোম্পানিটির পরিশোধনাগারের প্রাথমিক উৎস।
তবে ২০১৫ পর্যন্ত পিকেএন অরলেনের শতভাগ সরবরাহের
পেছনে ছিল রুশ জ্বালানি তেল।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার রোজনেফটের সঙ্গে
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দেশটির আরেক কোম্পানি ট্যাটনেফটের সঙ্গে চুক্তির অধীনে
তেল পাচ্ছে অরলেন।
তবে ট্যাটনেফট ও পাইপলাইনের একচেটিয়া রুশ
সংস্থা ট্রান্সনেফট এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সেখান থেকে যান ইউক্রেনে। এরপরই কিয়েভে পৌঁছেছে লেপার্ড ট্যাংক। শিগগিরই কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আরো ট্যাংক পাওয়ার কথা রয়েছে।










