বৈশ্বিক উড়োজাহাজ ভ্রমণের পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। গত বছরের নভেম্বরে এটি প্রাক-কভিড পর্যায়ের ৭৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

আইএটিএর তথ্য অনুসারে, এয়ার ট্রাফিক হিসাব করা হয় কিলোমিটারে যাত্রীপ্রতি আয় (আরপিকে) দিয়ে। নভেম্বরে এটি এক বছর আগের তুলনায় ৪১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ একটি বিবৃতিতে বলেন, ‘নভেম্বরে এয়ার ট্রাফিকের তথ্যে এ খাতের ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। অর্থাৎ ভোক্তারা আরো বেশি ভ্রমণের স্বাধীনতা উপভোগ করছেন।’

নভেম্বরের এয়ার ট্রাফিক এক বছর আগের তুলনায় ৮৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে এটি প্রাক-কভিড অর্থাৎ ২০১৯ সালের নভেম্বরের পর্যায়ের ৭৩ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। সব অঞ্চলেই উড়োজাহাজ ভ্রমণের পুনরুদ্ধার অব্যাহত ছিল। তবে এশিয়া-প্যাসিফিকে সবচেয়ে শক্তিশালী পুনরুদ্ধারের চিত্র দেখা গেছে। নভেম্বরে এ অঞ্চলে উড়োজাহাজ ভ্রমণ এক বছর আগের তুলনায় ৩৭৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

নভেম্বরে অভ্যন্তরীণ উড়োজাহাজ ভ্রমণ এক বছর আগের তুলনায় মাত্র ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। মূলত চীনে কভিডজনিত বিধিনিষেধের কারণে এ চিত্র ধীর রয়ে গেছে। এ সময়ে অভ্যন্তরীণ ভ্রমণের ট্রাফিক ২০১৯ সালের নভেম্বরের পর্যায়ের ৭৭ দশমিক ৭ শতাংশে ছিল।