পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৪ শতাংশের বেশি। ব্যাংকটির গতকাল প্রকাশিত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ পয়সা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৪ পয়সা বা ৪ দশমিক ২৬ শতাংশ। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৩৩ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৪ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৭ এপ্রিল।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫৭ কোটি ৬৬ লাখ  টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৫৯ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯৮ কোটি ৫১ লাখ টাকা বা ৩৮ দশমিক শূন্য ১ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৩৫ পয়সা।