দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। আমদানি শুরুর দিকে বন্দরে ট্রাক সেলে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৬৮-৭০ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা কমে কেজিতে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। 

হিলি স্থলবন্দর দিয়ে গতকাল সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ছয়টি ট্রাকে মোট ১৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ স্থলবন্দরের সততা বাণিজ্যালয় নামের আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজগুলো আমদানি করে। অন্যদিকে হিলির বাজারগুলোয় দেশী পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে এটি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

এর আগে গত ৪ মে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল ভারত। তবে রফতানিতে ৪০ ভাগ শুল্ক আরোপ ও ৫৫০ মার্কিন ডলার রফতানি মূল্য বহাল রাখে ভারত সরকার। তাই আমদানিতে ৬৫-৭০ টাকার মতো পড়তা পড়ছিল। কিন্তু সে সময় দেশের বাজারে দেশী পেঁয়াজের দাম ছিল ৬০-৬৫ টাকা। দেশের বাজারে সাধারণত দেশী পেঁয়াজ থেকে ভারতীয় পেঁয়াজের দাম কম না হলে ক্রেতা সংকটে পড়তে হয়। তাই গত ১৪ মে এক ট্রাক পেঁয়াজ আমদানির পর লোকসানের ভয়ে আমদানি বন্ধ ছিল। ২১ দিন বন্ধের পর ৪ জুন হিলি স্থলবন্দর দিয়ে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়।