কভিড-১৯-পরবর্তী সম্প্রতি প্রথমবার আয়োজিত হয়েছিল এশিয়ার বৃহত্তম শিল্পকর্ম প্রদর্শনী ‘২০২৪ আর্ট বাসেল হংকং আর্ট ফেয়ার’। মেলায় বৈশ্বিক ২৪০টি আর্ট গ্যালারি অংশ নেয়। অসংখ্য শিল্পকর্মের মাঝে প্রদর্শনীতে ছিল ভ্লাদিমির পুতিন, অ্যাঞ্জেলা মার্কেল ও জর্জ ডব্লিউ বুশের অভিনব কিছু ভাস্কর্য। যেখানে চীনা শিল্পী লি ওয়েই ছয় বিশ্বনেতাকে হাইপাররিয়েল ফর্মে সাত বছর বয়সী হিসেবে তুলে ধরেন। সামগ্রিক শিল্পকর্ম বাজারের মন্দার মাঝেও এ প্রদর্শনীতে সংগ্রাহকদের আগ্রহ ছিল লক্ষণীয়। এ বিষয়ে মার্কিন শিল্পী আইভি হ্যালডম্যান বলেন, ‘বিক্রির পরিমাণ কম হলেও প্রদর্শনী স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শুধু এশিয়া নয়, সামগ্রিক শিল্পকর্ম বাজারে এ পরিস্থিতি দেখা যাচ্ছে।’ মেলার উদ্বোধনের দিনে মোটামুটি সাত অংকের ঘরে পৌঁছেছে বিক্রি। জাপানি শিল্পী ইয়ায়োই কুসামার তিনটি সম্মিলিত চিত্রকর্ম ‘ভিক্টোরিয়া মিরো’ ১ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে। মার্কিন শিল্পী মার্ক ব্র্যাডফোর্ডের একটি মিশ্র মাধ্যমের শিল্পকর্ম ৩৫ লাখ ডলার ও ফিলিপ গুস্টনের পেইন্টিং ৮৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। এছাড়া এড ক্লার্কের একটি কাজ ১১ লাখ ডলার দাম পেয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী প্রদর্শনীদের সবচেয়ে বড় অংকে হাতবদল হয় উইলেম ডি কুনিংয়ের চিত্রকর্ম ‘ইউনাইটেড থ্রি’। চিত্রকর্মটির দাম ওঠে ৯০ লাখ ডলার। অবশ্য পূর্ববর্তী বছরগুলোর তুলনায় সর্বোচ্চ দামের হিসেবে এটি অনেক কম। কারণ ২০১৮ সালে একই শিল্পীর আরো একটি মাস্টারপিস প্রদর্শনী শুরুর প্রথম ১ ঘণ্টার মধ্যেই ৩ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। খবর: সিএনএন