সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গত তিন বছরে শিল্পপণ্য রফতানি বেড়েছে ৬০ শতাংশ, এর পরিমাণ ১৮ হাজার ৭০০ কোটি দিরহামের (৫ হাজার কোটি ডলার) বেশি। দেশটির শিল্প ও উন্নত প্রযুক্তিবিষয়ক মন্ত্রী সুলতান আহমেদ আল-জাবেরি সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজ।

দেশীয় ও আন্তর্জাতিকভাবে শিল্পপণ্য উৎপাদন সক্ষমতা ও এ খাতে প্রতিযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আল জাবের বলেন, অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধি, উৎপাদন প্রক্রিয়া, সরবরাহ চেইনে নিরাপত্তা, অর্থনৈতিক প্রতিযোগিতা ও দেশীয় পণ্যের মান বৃদ্ধিতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে তিনি জানান, ২০২৩ সালে উল্লেখযোগ্য অগ্রগতিসহ দেশটির শিল্পপণ্য রফতানি তিন বছরের মধ্যে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ২০২০ সালের তুলনায় শিল্প উৎপাদন ১৮ শতাংশ বেড়েছে।

২০২৩ সালে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার প্রতিযোগিতামূলক শিল্প কর্মক্ষমতা সিআইপি সূচকে আঞ্চলিকভাবে প্রথম এবং বিশ্বব্যাপী ২৯তম স্থান অর্জন করে ইউএই। সূচক অনুযায়ী, ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত ২৯তম, সৌদি আরব ৩৫তম, কাতার ৫০তম ও বাহরাইন ৫১তম অবস্থানে ছিল। ওমান অর্জন করেছিল ৫৬তম ও কুয়েত ৬২তম স্থান। 

আল-জাবের জানান, ২০২০ সালে শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ৪৯ শতাংশ বেড়েছে। জিডিপিতে এ খাতের অবদান ১৩ হাজার ২০০ কোটি দিরহাম থেকে বেড়ে ১৯ হাজার ৭০০ কোটি দিরহামে পৌঁছেছে। ২০২২ সালের তুলনায় গত বছর শিল্প খাতের ৯ শতাংশ সম্প্রসারণ হয়েছে।