২০২৩ অর্থবছর থেকে পরিবহন কর্মীদের জন্য সপ্তাহে দুইদিন কাজ করার সুযোগ রাখছে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) কোম্পানি। কভিডের সংক্রমণের কারণে বিমান পরিবহন খাত সংকুচিত হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কর্মীদের দ্বিতীয় কোনো চাকরিতে সম্পৃক্ত থাকা সহজ হবে। এমনটাই জানিয়েছে কোম্পানি। খবর কিয়োদো এজেন্সি।
কর্মদিবস কমানোর নিয়মটি আগে শুধু সন্তান ও বৃদ্ধদের দেখাশোনার মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে তা কোম্পানির সঙ্গে সম্পৃক্ত দক্ষতা অর্জনেও ব্যবহার করা যাবে। বর্তমানে দেশটিতে বসবাসরত ৮ হাজার ৫০০ বিমানকর্মী এ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। তবে এএনএ সুযোগটির অপব্যবহার রোধে কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে। আগামী এপ্রিল থেকে নতুন অর্থবছরের জন্য সপ্তাহের কর্মদিবস নির্ধারণ করতে পারবেন কর্মীরা। কর্মঘণ্টা নির্ধারণেও রাখা হবে যথেষ্ট সুযোগ। প্রাথমিকভাবে কাজ করার জন্য পছন্দের রুটও বাছাই করতে পারবেন তারা।
এএনএ কর্মীরা সাধারণত সপ্তাহে পাঁচদিন কাজ করেন। কিন্তু কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর বিমান চলাচলের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় এতদিন কর্মদিবস কমিয়ে আনতে অনুমতি দিয়েছিল। বর্তমানে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হচ্ছে।










