কয়েক দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন কার্যালয় বন্ধ রাখতে যাচ্ছে ম্যাকডোনাল্ডস। কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরুর আগে আকস্মিক এ কার্যালয় বন্ধের ঘোষণা দিল বিশ্বের বৃহত্তম ফাস্ট ফুড চেইনটি। তবে কতজন কর্মীকে বরখাস্ত করা হবে তা এখনো স্পষ্ট নয়। গতকাল ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন গণমাধ্যমটি জানায়, গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস তার মার্কিন কর্মীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়ে একটি ই-মেইল পাঠায়। আর এ নির্দেশনা কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেইলে বলা হয়, ৩ এপ্রিল থেকে সপ্তাহজুড়ে আমরা কার্যকর সিদ্ধান্তগুলো নেব। কর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত সব বৈঠক বাতিল করা হলো।
চলতি বছর জানুয়ারিতে ম্যাকডোনাল্ডস জানিয়েছিল, তারা ব্যবসায়িক কৌশল উন্নত করতে কর্মীদের তালিকা পুনরায় সাজাবে। এ তালিকায় কিছু কর্মী ছাঁটাইয়ে পড়বেন এবং অধিকাংশের পদে কিছুটা পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী বুধবারের মধ্যে ছাঁটাইয়ের ঘোষণা আসবে।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা মোকাবেলার চেষ্টায় গুগল, অ্যামাজন, টুইটারের পর এবার একই পথে হাঁটছে ম্যাকডোনাল্ডস। যুক্তরাষ্ট্রে ব্যাপক ছাঁটাইয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয়রা। কারণ অস্থায়ী ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতীয়দের নতুন করে কর্মসংস্থান খুঁজে পেতে সমস্যা হচ্ছে। এইচ-১বি ভিসাধারীরা নতুন কর্মসংস্থান খুঁজে না পেলে মাত্র ৬০ দিন মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










