থাইল্যান্ডের কারখানা কার্যক্রমের গতি ধীর হয়ে পড়েছে। এপ্রিলে দেশটির কারখানা কার্যক্রম পূর্বাভাসের চেয়েও কম বেড়েছে। উচ্চব্যয়ের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির উৎপাদন খাত ধীর হয়ে পড়েছে। যদিও এ সময়ে অর্থনৈতিক কার্যক্রম প্রসারিত হয়েছে বলে জানিয়েছে থাই শিল্প মন্ত্রণালয়। খবর রয়টার্স।
গত মাসে থাইল্যান্ডের ম্যানুফ্যাকচারিং প্রডাকশন ইনডেক্স (এমপিআই) আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ১ দশমিক ৬ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। মার্চে এ খাতের প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৪৪ শতাংশ।
শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা একটি ব্রিফিংয়ে বলেন, থংচাই চাওয়ালিটপিচেট বলেন, কভিডজনিত বিধিনিষেধ শিথিলের পর অভ্যন্তরীণ কার্যক্রম ঊর্ধ্বমুখী হয়েছে। এ অবস্থায় কারখানা কার্যক্রম আরো বাড়ার আশা করা হয়েছিল। তবে বাস্তবে তেমনটা ঘটেনি। যদিও থাই মুদ্রা বাতের অবমূল্যায়নের কারণে উৎপাদন খাতের রফতানি বেড়ে গিয়েছে।
এপ্রিলে দেশটির গাড়ি, ভোজ্যতেল ও রাবার পণ্যের উৎপাদন বেড়েছে। তবে চীনের কভিডজনিত লকডাউনের কারণে উপকরণ ঘাটতি তৈরি হওয়ায় হার্ডডিস্ক ড্রাইভের মতো পণ্যের উৎপাদন কমে গিয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে এমপিআই এক বছর আগের তুলনায় ১ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। দেশটির মোট রফতানির প্রায় ৮০ শতাংশই শিল্পপণ্য।










