ফ্লাইট চলাচলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে সৌদি আরব ও বুলগেরিয়া। স্বাক্ষরিত চুক্তিটির মাধ্যমে উভয় পক্ষের সহযোগিতা বাড়বে এবং নিরাপদ পরিবহন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই) ফাঁকে সম্প্রতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন সৌদি পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসের এবং বুলগেরিয়ার পরিবহন ও যোগাযোগমন্ত্রী রিস্টো আলেকসিভ।
দ্বিপক্ষীয় উড়োজাহাজ পরিষেবা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৯৪৪ সালের ৭ ডিসেম্বর কনভেনশন অন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন স্বাক্ষরিত হয়, যা শিকাগো কনভেনশন নামেই বেশি পরিচিত। এ কনভেনশনের নিয়মনীতি মেনেই দেশ দুটি উড়োজাহাজ পরিষেবা বাড়াতে সম্মত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়াতে সিভিল এভিয়েশন খাত প্রসারিত করছে সৌদি আরব। বুলগেরিয়ার সঙ্গে করা চুক্তিটিও এটির অংশ বলে জানান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ বাড়ানোর জন্য একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সৌদি সরকার। এ লক্ষ্য অনুযায়ী বৈশ্বিক লজিস্টিক প্লাটফর্মে পরিণত হতে ২৫০টি গন্তব্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে যাত্রী পরিবহনের সংখ্যা ৩৩ কোটিতে পৌঁছানোর লক্ষ্যও রয়েছে সরকারের।










