যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোয় আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েছে যাত্রীরা। বিশেষ করে শীতের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ত্রুটিপূর্ণ বোয়িংয়ের কারণে এমনটা হচ্ছে। সাম্প্রতিক ফ্লাইট বাতিলের সংখ্যা গত বছরের রেকর্ড ভেঙেছে। খবর সিএনএন।
ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, শুক্রবার দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। গত বছর তিনদিনে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুসারে, শনিবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ১ হাজার ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৭০০টি ফ্লাইট দেরি হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাসে ফ্লাইট বাতিলের ক্ষেত্রে শুক্রবার ছিল সবচেয়ে খারাপ চতুর্থতম দিন। বেশির ভাগ ফ্লাইট বাতিলের কারণ শীতকালীন ঝড়, যা মধ্যপশ্চিম অঞ্চলে আঘাত হেনেছে। এ কারণে শিকাগোর বিমানবন্দর ও’হারেতে প্রায় ৪০ শতাংশ বহির্গামী ফ্লাইট ও মিডওয়েতে ৬০ শতাংশের বেশি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে।
ও’হারে বিমানবন্দর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, ৬৫০টির বেশি ফ্লাইট এয়ারলাইনস বাতিল করেছে। ডেনভার ও মিলওয়াকিতেও ফ্লাইটগুলো ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিলওয়াকির প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে বোয়িং ৭৩৭ ম্যাক্স নয় উড়োজাহাজের ত্রুটির কারণেও ফ্লাইট বাতিল হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িংয়ের বাধ্যতামূলক অবতরণের কারণে চলতি সপ্তাহে প্রতিদিন ২০০টির বেশি ইউনাইটেড ও আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করছে। এফএএ ও বোয়িং এখনো একটি সমস্যা সমাধানের চেষ্টা করছে, যাতে উড়োজাহাজগুলো আবার উড্ডয়নের অনুমতি পায়।
ফ্লাইটঅ্যাওয়ার জানায়, সাউথওয়েস্ট এয়ারলাইনস বোয়িং ৭৩৭ ম্যাক্স নয়টি উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত রেখেছে।
এ কারণে প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা অন্য যেকোনো এয়ারলাইনসের চেয়ে বেশি।
ইউনাইটেড এয়ারলাইনসের জন্য গত বছরটি কঠিন ছিল। গত বছরের গ্রীষ্মে হাজার হাজার ফ্লাইট বাতিল করেছিল কোম্পানিটি। বিশাল সেবা বিপর্যয়ের মধ্যে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছিল। খারাপ আবহাওয়ার বাইরে মানবসৃষ্ট সমস্যাগুলোও ছিল বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
ইউনাইটেড এয়ারলাইনসের সিইও স্কট কিরবি জানান, এফএএ ও এয়ারলাইনস কন্ট্রোল সেন্টারে অপর্যাপ্ত কর্মী নিয়োগের কারণে বারবার এমনটা ঘটছে।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজিজ (তিনি এফএএর তত্ত্বাবধান করেন) জানিয়েছেন, অন্যান্য মার্কিন এয়ারলাইনসের মতোই টিকে থাকার সংগ্রাম করছে ইউনাইটেড।










