চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিক্রি কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ৩৭৩ কোটি টাকা বিক্রি হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ৩৯০ কোটি টাকা। অবশ্য বিক্রি কমলে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আগের তুলনায় কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশের ১১ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯১ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ২০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা শূন্য ৬ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিঙ্গার বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৬ পয়সা।
২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার বাংলাদেশ। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানিটি। এছাড়া ২০১৮ হিসাব বছরে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের বর্তমানে অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮। এর মধ্যে ৫৭ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৮৮, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৪১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৩ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে সর্বশেষ সিঙ্গার বাংলাদেশের শেয়ারের সমাপনী দর ছিল ১৫১ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৪৯ টাকা ১০ পয়সা ও ১৭২ টাকা।










