যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) প্রথম চালান পাঠিয়েছে ভিনফাস্ট। সম্প্রতি এ চালানে ৯৯৯ ইউনিট গাড়ি পাঠিয়েছে ভিয়েতনামের ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রথম গাড়িগুলো ডিসেম্বরের শেষ নাগাদ গ্রাহকদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিএফ ৮ বিদ্যুচ্চালিত এসইউভিগুলো মার্কিন গাড়ি সাবস্ক্রিপশন পরিষেবা অটোনমিতে পাঠানো হবে। অটোনমি ভিনফাস্টে ২ হাজার ৫০০ ইভির ক্রয়াদেশ দিয়েছে। তবে বেশির ভাগ গাড়ি আগে ক্রয়াদেশ দেয়া খুচরা ক্রেতাদের কাছে যাবে।

ভিনফাস্টের প্রধান নির্বাহী লি থি থুই বলেন, আমাদের প্রথম রফতানি বাজার যুক্তরাষ্ট্র। আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে ইভির দ্বিতীয় চালান পাঠানো হবে।

সংস্থাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি ইভি তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। কারখানাটি স্থানীয় কর্মকর্তাদের থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে নর্থ ক্যারোলাইনার কারখানাটিতে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।