ভিয়েতনামের রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম চাল। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যে বিদায়ী বছরে দেশটি থেকে পণ্যটির রফতানিতে মন্দা ভাব দেখা গেছে। এ ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি বছরের শুরুতেও। জানুয়ারিতে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে চাল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশের বেশি কমে পৌনে তিন লাখ টনে নেমে এসেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
চাল উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ভিয়েতনামের অবস্থান পঞ্চম। তবে পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ভিয়েতনামের সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ লাখ ৮০ হাজার টন চাল রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে ভিয়েতনাম থেকে পণ্যটির রফতানি কমেছে ২৯ দশমিক ৫ শতাংশ।
রফতানির পরিমাণে মন্দা ভাবের পাশাপাশি চলতি বছরের প্রথম মাসে চাল রফতানি বাবদ ভিয়েতনামের আয়ও আগের বছরের একই সময়ের তুলনায় এক-পঞ্চমাংশ কমেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে চাল রফতানি বাবদ ভিয়েতনামের আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৪০ লাখ ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪ শতাংশ কম।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাসের মহামারীর ধাক্কা লেগেছে ভিয়েতনামের চাল রফতানিতে। সংকটকালে অভ্যন্তরীণ খাদ্যশৃঙ্খল বজায় রাখা ও জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গত বছর চাল রফতানি সাময়িক বন্ধ রেখেছিল ভিয়েতনাম। এর প্রভাব পড়েছে খাদ্যপণ্যটির সামগ্রিক রফতানিতে। ২০২০ সালে চাল রফতানির লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে দেশটি।
ভিয়েতনামের সরকারি তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬১ লাখ ৪৬ হাজার টন চাল রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। ২০২০ সালে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬৭ লাখ টন চাল রফতানির লক্ষ্য নির্ধারিত ছিল। সেই তুলনায় বছরজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টন কম চাল রফতানি করেছে ভিয়েতনাম।
বিদায়ী বছরে চাল রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকদের আয় আগের বছরের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩০৬ কোটি ৯০ লাখ ডলারে উন্নীত হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারীর মধ্যে চালের রফতানি মূল্য বাড়তি ছিল। এ কারণে গত বছর চাল রফতানির পরিমাণ কমলেও এ বাবদ ভিয়েতনামের আয় বেড়েছে।










