জয়পুরহাট সুগার মিলস লিমিটেডে আট হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে ২০২০-২১ রোপণ মৌসুমের আখ রোপণের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে আখচাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিলের কৃষি বিভাগের উদ্যোগে জয়পুরহাট সদরে সাব জোন এলাকার চকশ্যাম স্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর। মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মুজিবুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মিলের সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুস ছালাম ফকির, ডিজিএম (সম্প্রসারণ) তানজিমুল ইসলাম, উপব্যবস্থাপক (বীজ প. ও অ্যাগ্রো) নওরোজ সাইমুম, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দীন, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, সাব জোন প্রধান রফিকুল ইসলাম, বিশিষ্ট আখচাষী প্রভাষ চন্দ্র মহন্ত, মাহমুদ আলী মাস্টার ও দেওয়ান গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভা শেষে চকশ্যাম এলাকার চাষী কামাল উদ্দীনের জমিতে এসটিপি পদ্ধতিতে আখ রোপণের মাধ্যমে রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়।