মহামারী নিয়ন্ত্রণে নেয়া নানা পদক্ষেপ এবং মূল্যবৃদ্ধির কারণে প্রভাবিত হয়েছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির অর্থনীতির সম্প্রসারণ হয়েছে মাত্র ৪ দশমিক ১ শতাংশ। সম্প্রতি প্রকাশিত ভারত সরকারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে। খবর এপি।

জানুয়ারি-মার্চ সময়ের এ ফলাফলই ভারতের ২০২১-২২ অর্থবছরের (এপ্রিল-মার্চ) সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি। এর আগের প্রান্তিকেও দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। সামগ্রিকভাবে ২০২১-২২ অর্থবছরে ভারতের অর্থনীতি ৮ দশমিক ৭ শতাংশ প্রসারিত হয়েছে। এ হার ফেব্রুয়ারিতে সরকারি সমীক্ষায় পূর্বাভাস দেয়া ৮ দশমিক ৯ শতাংশের চেয়ে ধীর।

এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। কভিডের বিপর্যয় কাটিয়ে গত বছরের মাঝামাঝি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশটির অর্থনীতি। এরপর গত জানুয়ারিতে ওমিক্রনের প্রাদুর্ভাবে আবারো কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর এক মাস যেতে না যেতেই ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। তাতে খুচরা পণ্যের দাম বেড়ে যায়, মূল্যস্ফীতি আট বছরের সর্বোচ্চ ৭ দশমিক ৮ শতাংশে গিয়ে পৌঁছায়।

চলতি মাসের শুরুতে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সরকার গম ও চিনি রফতানি সীমিত করে এবং জ্বালানির ওপর থেকে শুল্ক মওকুফ করে দেয়। গত সপ্তাহে রেটিং এজেন্সি মুডি’স চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হারের পূর্বাভাস ৯ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৮ শতাংশে নামিয়ে নিয়ে আসে। কারণ জ্বালানি ও খাবারের দামের বর্ধিত মূল্যের কারণে ভোক্তাব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি ৬ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে।