মালয়েশিয়া বিশ্বের অন্যতম প্রাকৃতিক রাবার উৎপাদক। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেখানে পণ্যটির উৎপাদন জানুয়ারির তুলনায় ২ শতাংশ কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ। এদিকে উৎপাদন কমলেও ফেব্রুয়ারিতে পণ্যটির মজুদ ও রফতানি বেড়েছে। খবর সিনহুয়া।
মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ জানায়, ফেব্রুয়ারিতে দেশটি ২৯ হাজার ৬৯১ টন প্রাকৃতিক রাবার উৎপাদন করে। আগের মাসে রফতানির পরিমাণ ছিল ৩০ হাজার ২৮৭ টন।
এদিকে দেশটিতে ফেব্রুয়ারিতে প্রাকৃতিক রাবারের মজুদ আগের মাসের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৭১৯ টনে। ওই মাসে দেশটি ৫৫ হাজার ৮২ টন রাবার রফতানি করে, যা আগের মাসের তুলনায় ২৭ দশমিক ৮ শতাংশ বেশি।
রাবার রফতানিতে মালয়েশিয়ার সবচেয়ে বড় বাজার চীন। ফেব্রুয়ারিতেও সেখানে সর্বোচ্চ পরিমাণ রফতানি করা হয়েছে। অর্থমূল্যে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ কোটি রিঙ্গিত, যা এর আগের মাসের তুলনায় ৭ শতাংশ বেশি।










