গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে দেশে প্রথম সমন্বিত ‘‌ওমনিচ্যানেল’ গ্রাহকসেবা চালু করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক পিএলসি। এখন থেকে গ্রাহকরা এ ব্যাংকের যেকোনো পণ্য বা সেবা নেয়ার ক্ষেত্রে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমের সমন্বিত সেবা পাবেন। এর ফলে একই তথ্য কোথাও দ্বিতীয়বার দিতে হবে না।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সংবাদ সম্মেলনে এ সেবা চালুর ঘোষণা দেয় ব্র্যাক ব্যাংক। এতে মানুষ আরো ব্যাংকমুখী হবেন বলে আশা করছে ব্যাংকটি। গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক এ ব্যাংকিং সেবা বাংলাদেশে প্রথম বলে দাবি করা হয়।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গ্রাহকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি, সেবাদান প্রক্রিয়াকে উন্নত করা এবং নতুন গ্রাহক তৈরিতে সহায়তার লক্ষ্যে ‘ওমনিচ্যানেল’ সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের শাখা-উপশাখা, কল সেন্টার ও ডিজিটাল চ্যানেলগুলোকে একটি সমন্বিত সার্ভিস ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে।

ফলে যেকোনো একটি চ্যানেলে ব্যাংকিং প্রক্রিয়া শুরু করে গ্রাহকরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অন্য যেকোনো মাধ্যমে তা শেষ করতে পারবেন। ফলে একই তথ্য পুনরায় দেয়ার প্রয়োজন হবে না, যা ব্যাংকিং অভিজ্ঞতাকে আরো গতিশীল ও সহজ করবে। সমন্বিত এ উদ্যোগ গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে, সেবা প্রদানের সময় কমাতে এবং দীর্ঘমেয়াদি গ্রাহক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, ‘গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে ওমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংক খাতে বড় ধরনের রূপান্তর। এটি ডিজিটাল সুবিধা ও মানবিক সেবার কার্যকর সমন্বয় ঘটিয়েছে। গ্রাহকদের চাহিদা ও বৈশ্বিক আধুনিক রীতিনীতির মেলবন্ধন ঘটিয়ে আমরা সেবার নতুন মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরো বলেন, ‘নতুন এ উদ্যোগের ফলে একজন গ্রাহককে সেবার জন্য বারবার ব্যাংকে আসা, ডিজিটাল মাধ্যমে আবেদন ও কল সেন্টারে যোগাযোগ করতে হবে না। বারবার একই প্রশ্ন করা হবে না। একবার যোগাযোগ করেই উপযুক্ত হলে ব্যাংক সেবার দিকে চলে যাবে। এজন্য আমাদের সব বিভাগকে প্রস্তুত করা হয়েছে।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খানের মতে, গ্রাহকের প্রয়োজন সঠিকভাবে বোঝার ওপর ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার বাড়িয়ে প্রথাগত লেনদেননির্ভর ব্যাংকিং ব্যবস্থা থেকে বেরিয়ে সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে ব্র্যাক ব্যাংক। আমরা শুধু আর্থিকভাবে লাভবান হওয়া নয়, বরং সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে যাচ্ছি।’ প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নত করতে ব্র্যাক ব্যাংক ভূমিকা রাখছে বলেও জানান প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক প্রমুখ।