সীমান্ত ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি কর্মকর্তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও ধারাবাহিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যাংক খাতে উৎকর্ষ অর্জন ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের অগ্রগতি ও সাফল্যে অবদান রাখার আহ্বান জানান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (সদর) ও ব্যাংকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ও ব্যাংকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদসহ ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলের সদস্যরা।

ব্যাংকটির মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ আয়োজনের মাধ্যমে দক্ষ ও যোগ্য ব্যাংক পেশাজীবী গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।