অব্যাহতভাবে কমছে চীনের আকরিক লোহা আমদানি। ঊর্ধ্বমুখী দাম কিন্তু কম মুনাফা, সরকারি নজরদারিসহ নানা প্রতিবন্ধকতার কারণে ব্যবসায়ীদের মাঝে আকরিক লোহা আমদানিতে আগ্রহ কম। গত দুই মাসের তুলনায় চলতি মাসে আমদানি কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও প্রবৃদ্ধির হার থাকবে সীমিত।

চলতি বছরের মার্চে চীনের আকরিক লোহা আমদানি ৮ কোটি ৭২ লাখ ৮০ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ। তবে এক মাসের ব্যবধানে বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

আবহাওয়ায় গরমের প্রভাব কমে যাওয়ায় অনেক ইস্পাত কারখানাই উৎপাদন পুনরায় চালু করেছে। এটি আকরিক লোহার চাহিদা বাড়াতে সহায়তা করেছে। মূলত এ কারণেই ফেব্রুয়ারির তুলনায় আমদানি বেড়েছিল।

এদিক গত মাসে চীন সব মিলিয়ে ৮ কোটি ৬০ লাখ ৬০ হাজার টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ১২ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে মার্চের তুলনায় আমদানি ১ দশমিক ৪ শতাংশ কমেছে।

মৌসুমি নানা কারণে বিভিন্ন দেশ থেকে পণ্যের চালান আসার পরিমাণ কমেছে। এপ্রিলে আমদানি কমে যাওয়ার পেছনে এ বিষয়কেই দায়ী করা হচ্ছে। এর বাইরে ঊর্ধ্বমুখী দাম এবং কম মুনাফার আশঙ্কায় ইস্পাত কারখানাগুলো আকরিক লোহা কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

এদিকে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এবং অন্যান্য সরকারি বিভাগ বড় বাণিজ্য প্রতিষ্ঠানগুলোয় আকরিক লোহা মজুদের ওপর নজরদারি শুরু করায় এসব প্রতিষ্ঠান আমদানি কমিয়ে দিয়েছে। পাশাপাশি মজুদের পরিমাণও কমিয়ে এনেছে।

বিশ্লেষকরা বলছেন, জাহাজীকরণ পরিস্থিতির উন্নতি ঘটায় চলতি মাসে আকরিক লোহা আমদানি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আমদানি বাড়ার হার থাকবে সীমিত।