ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার
হয়ে উঠেছে যুদ্ধরত রাশিয়া। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের
এপ্রিল-ডিসেম্বর সময়ের মধ্যে রাশিয়া থেকে ভারতের আমদানি পাঁচগুণ বেড়ে হয়েছে ৩ হাজার ২৯০ কোটি ডলার।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকে ভারত সবচেয়ে
বেশি এসেছে অপরিশোধিত তেল ও সার।
ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখে ভারত। অপরিশোধিত পেট্রোলিয়ামের জন্য তারা রাশিয়ার সঙ্গে চুক্তি করে। সেই জ্বালানি আবার নেদারল্যান্ডস ও ব্রাজিলের মতো দেশে রফতানি করে ভারত।
অপরিশোধিত
তেল বাণিজ্যের ওপর ভর করে, রাশিয়া গত আর্থিক বছরে ভারতের আমদানির ২০তম বৃহত্তম উত্স
হয়ে উঠেছে।
বাণিজ্যের এই গতি অব্যাহত থাকলে মস্কো থেকে দিল্লির আমদানি ৫ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান বৈশ্বিক মূল্যের ওপর ছাড় দিয়ে প্রথমবারের মতো ২০২৩ অর্থবছরের প্রথমার্ধে রাশিয়া
ভারতে সবচেয়ে বড় সার সরবরাহকারী হয়ে উঠেছে। গত ১ এপ্রিল থেকে প্রথম ছয়
মাসে ভারতের সার আমদানি ৩৭১ শতাংশ বেড়ে সাড়ে ২১ লাখ টন হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারির পর ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় বাণিজ্যের মধ্যে রাশিয়া সঙ্গে রুপিতে বাণিজ্য করার চেষ্টা করছে ভারত। কিন্তু এই ব্যাপারে
দেশ দুটি খুব একটা এগোয়নি।
এদিকে নয়াদিল্লির কর্মকর্তারা বলেছেন, রাশিয়ায়
ইলেকট্রনিক সামগ্রী রফতানি বাড়াতে চাইছে ভারত।










