নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য আরো ১১ প্রতিষ্ঠানের সময়সীমা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৮৬তম কমিশন সভায় গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকগুলোর জমা দেয়া অ্যাকশন প্ল্যান পর্যালোচনার পর শর্তসাপেক্ষে তাদের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড, বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড, হজরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, উইফ্যাং সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিএনবি সিকিউরিটিজ লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড।

এর আগে গত ২৫ নভেম্বর আট প্রতিষ্ঠান ও ১৩ নভেম্বর ২৮ প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণের সময়সীমা বাড়ানো হয়। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৪৭টি প্রতিষ্ঠানের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।

উল্লেখ্য, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) নেগেটিভ ইকুইটির বিপরীতে প্রভিশন সংরক্ষণের সময়সীমা বাড়াতে বিএসইসির কাছে আাবেদন করে। ডিবিএ  প্রভিশন সংরক্ষণের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও দেয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর কমিশনের ৯৫৩তম সভায় নেগেটিভ ইকুইটির ওপর প্রভিশন সংরক্ষণের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন করে বাড়ানো হয়।