যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে ভার্জিন অরবিট হোল্ডিংস। জানুয়ারিতে রকেট উৎক্ষেপণ ব্যর্থতার পর দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিতে ব্যর্থতায় এ আবেদন করল ধনকুবের রিচার্ড ব্রানসন প্রতিষ্ঠিত কোম্পানিটি। খবর রয়টার্স।
ডিসট্রিক্ট অব দিলাওয়ারের ইউএস ব্যাংক্রাপ্টসি কোর্টে দেউলিয়াত্বের আবেদন করেছে ভার্জিন অরবিট। গত সপ্তাহে ৭৫০ কর্মীর প্রায় ৮৫ শতাংশ ছাঁটাইয়ের পর এবার দেউলিয়াত্বের আবেদন করল ক্যালিফোর্নিয়ার লং বিচভিত্তিক কোম্পানিটি।
ছাঁটাইকৃত কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য ১ কোটি ৯ লাখ ডলার প্রদান করেছে ব্রানসনের অন্য কোম্পানি ভার্জিন ইনভেস্টমেন্টস। গত নভেম্বরে প্রকাশিত সর্বশেষ আর্থিক প্রতিবেদনে ভার্জিন অরবিট জানায়, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ৪ কোটি ৩৬ লাখ ডলার লোকসান গুনেছিল কোম্পানিটি। ২০২২ সালে কোম্পানিটির মোট লোকসান হয়েছিল ১৩ কোটি ৯৫ লাখ ডলার।
আদালতে পেশ করা নথিতে দেখা গেছে, ৩০ সেপ্টেম্বর নাগাদ কোম্পানির তালিকাভুক্ত সম্পদ রয়েছে ২৪ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া কোম্পানির মোট ঋণ ১৫ কোটি ৩৫ লাখ ডলার।
গত জানুয়ারিতে নিজেদের ষষ্ঠ মিশনে কক্ষপথে রকেট পাঠাতে ব্যর্থ হয় ভার্জিন অরবিট। এরপর থেকে বড় অংকের বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয় তারা।
গত মাসে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ভার্জিন অরবিটে ২০ কোটি ডলার বিনিয়োগের আলোচনা চালাচ্ছে টেক্সাসভিত্তিক ম্যাথু ব্রাউন। ওই আলোচনা ভেস্তে যাওয়ার খবরটি সূত্রের বরাতে জানায় রয়টার্স।
এতে সোমবার দিনের লেনদেন শেষে পুঁজিবাজারে ভার্জিন অরবিটের বাজার মূল্য ৬ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়ায়, যা দুই বছর আগে ছিল ৩০০ কোটি ডলারের বেশি।
২০১৭ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি ২০২১ সালের আগস্টে পাবলিক কোম্পানি হিসেবে যাত্রা করেছিল।










