ইরান বিশ্বের নবম শীর্ষ চা উৎপাদনকারী দেশ। গত ২০ মার্চ দেশটিতে ২০২০-২১ অর্থবছর শুরু হয়েছে। চলতি অর্থবছরে  ইরানে পানীয় পণ্যটির উৎপাদন আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ বাড়তে পারে। ইরান টি অর্গানাইজেশনের সাম্প্রতিক এক বিবৃতিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ফিন্যান্সিয়াল ট্রিবিউন।

বিবৃতিতে ইরান টি অর্গানাইজেশনের প্রধান হাবিবুল্লাহ জাহানশাজ জানান, চলতি অর্থবছর শেষে ইরানে ১ লাখ ৩৫ হাজার টন চা পাতা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ বেশি। অর্থবছর শেষে দেশটিতে ৩০ হাজার টন প্রক্রিয়াজাত চা উৎপাদন হতে পারে।

মূলত অনুকূল আবহাওয়া এবারের অর্থবছরে ইরানের চা উৎপাদন খাতে চাঙ্গা ভাবের পেছনে প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। চলতি মাসেই ইরানের চা উৎপাদনকারী রাজ্য গিলান ও মাজান্দারানের বাগানগুলোয় পণ্যটির সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও জানানো হয়েছে।