মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পারস্য উপসাগর অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালির কাছে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় প্রণালি অতিক্রমের চেষ্টা করেও জাহাজটি শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়েছে।

বিএসসি সূত্র জানায়, জাহাজটি সম্প্রতি হরমুজ প্রণালি পার হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে ওই এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি হওয়ায় পথ পরিবর্তন করে আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায়। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশী নাবিক রয়েছেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ম্যারিটাইম ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি শারজার অদূরে নোঙর করে আছে। বিএসসি জানিয়েছে, জাহাজটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক সহায়তা চাওয়া হয়েছে।

বিএসসি সূত্রে জানা যায়, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। তবে পরদিনই ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বিভিন্ন স্থানে হামলা চালালে ওই অঞ্চলে জাহাজ চলাচলে ঝুঁকি বেড়ে যায়। এ পরিস্থিতিতে নতুন পণ্য পরিবহনের পরিকল্পনা বাতিল করে নিরাপদে ফিরে আসার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী হরমুজের দিকে যাত্রা শুরু করলেও গত ১২ মার্চ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে জাহাজটি শারজার নোঙর এলাকায় ফিরে আসে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, জাহাজে পর্যাপ্ত খাদ্য, সুপেয় পানি ও জ্বালানি মজুত রয়েছে। নাবিকেরা সুস্থ আছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নির্দেশনা দেয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় কাতার থেকে নতুন করে পণ্য বহনের বিষয়েও আলোচনা চলছে।

এদিকে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান।