নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর সময় আন্তর্জাতিক বাজারে গ্যাসোলিনের দাম তুলনামূলক কম রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে জ্বালানি পণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছে জাপান। এ ধারাবাহিকতায় শুধু গত আগস্টে দেশটিতে গ্যাসোলিন আমদানি বেড়েছে ২৭ শতাংশ। আর বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) জাপানে জ্বালানি পণ্যটির আমদানিতে ৭৪ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল। জাপানের মিনিস্ট্রি অব ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও নিক্কেই এশিয়ান রিভিউ।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে জাপানে সব মিলিয়ে ৪ লাখ ২২ হাজার ৬৫৪ কিলোলিটার (প্রতিদিন গড়ে ৮৫ হাজার ৭৫৫ ব্যারেল) গ্যাসোলিন আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। ২০১৯ সালের একই মাসে দেশটিতে মোট ৩ লাখ ৩২ হাজার ৩০ কিলোলিটার গ্যাসোলিন আমদানি হয়েছিল।
তবে আগের বছরের একই সময়ের তুলনায় বাড়লেও চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে জাপানে গ্যাসোলিন আমদানি কমেছে। গত জুলাইয়ে দেশটিতে মোট ৪ লাখ ৪৬ হাজার ২০৬ কিলোলিটার গ্যাসোলিন আমদানি হয়েছিল। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে জাপানে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ৫ দশমিক ৩ শতাংশ।
২০১১ সালের আগস্টের পর গত জুলাইয়ে জাপানে সবচেয়ে বেশি গ্যাসোলিন আমদানি হয়েছিল। আগের মাসের তুলনায় কমলেও আগস্টে দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি গ্যাসোলিন আমদানি হয়েছে। এমনকি জানুয়ারি-আগস্ট সময়ে জাপানে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে ৭৪ শতাংশ। আর এসবের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে আন্তর্জাতিক বাজারে গ্যাসোলিনের তুলনামূলক কম দাম।










